ফের শাওমি ফোন বিস্ফোরণ!

৪ এপ্রিল, ২০২২ ১৩:৫৬  
কথা বলা অবস্থায় হাতে বিস্ফোরিত হলো শাওমি ফোন । বিস্ফোরণে আগুনে পুড়েছে ফোন। তবে ফোনটি হাত থেকে ফেলে দিয়ে রক্ষা পেয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবহারকারী। ভারতের পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৫ নম্বর অঞ্চলের মুগবসান গ্রামে শুক্রবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যমগুলো। জিনিউজ, নিউজ১৮ ডটকম এবং কম্পস্টুডিও ডট ইন্ডিয়ার প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, মুগবসানের আব্দুল সফি নামে এক তরুণ শুক্রবার সকালে পকেট থেকে ফোনটি বের করে কথা বলছিলেন। হঠাৎ ফোনটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ঘটনায় হকচকিয়ে যান ওই যুবক। দ্রুত ফোনটি হাত থেকে ফেলে দিয়ে রক্ষা পান। আব্দুল শফি অভিযোগ করেন, কিছুদিন আগেই তিনি শাওমির ওই ফোনটি কিনেছিলেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটলো তিনি বুঝে উঠতে পারছেন না। দুর্ঘটনার পরপরই সফি শাওমির সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু সফির হাতে নতুন ফোন তুলে দেওয়া হয়েছে কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি।